সোমবার , ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৩৯ ঘণ্টায়ও উদ্ধার হননি অপহৃত ব্যবসায়ী, বাউফলে বিক্ষোভ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

পটুয়াখালীর বাউফলের কালাইয়া বন্দরের বিশিষ্ট মুদি ও মনোহরী ব্যবসায়ী সিবা নন্দ রায় ওরফে সিবু বণিককে (৭৮) অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণের ৩৯ ঘণ্টা পার হলেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় শিবু বণিককে অপহরণের প্রতিবাদে ও তাকে দ্রুত উদ্ধারের দাবিতে বাউফলের কালাইয়া বন্দর বাজারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা।

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্টপট্টি এলাকায় সিবু বণিকের দোকানের দুই কর্মচারীকে বেঁধে দোকানের পাঁচ লক্ষাধিক টাকা লুট ও এই ব্যবসায়ীকে ট্রলারে করে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বাউফল থানায় মামলা করেছেন সিবু বণিকের স্ত্রী কৃষ্ণা রানী রয়।

সিবু বণিকের স্ত্রী কৃষ্ণা রানী রয় বলেন, আমার স্বামীর সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। আমি যেকোনো মূল্যে আমার স্বামীকে ফেরত চাই।

সিবু বণিকের স্বজন সনজিৎ বণিক বলেন, তার (সিবু বণিক) ডায়াবেটিস ও হৃদ্‌রোগ আছে। সময়মতো ওষুধ না খেলে বড় ধরনের সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. নূরুল আমিন বলেন, এমন ঘটনা বাউফলে প্রথম। এত ঘণ্টা অতিবাহিত হলেও সিবু বণিককে পুলিশ উদ্ধার করতে পারেনি, এটা খুবই হতাশার এবং দুঃখজনক।

এ বিষয়ে বাউফল থানা পুলিশের ওসি মো. কামাল হোসেন বলেন, সিবু বনিককে উদ্ধারের জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছেছে। আমরা সবদিক থেকে কাজ করছি।