বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৩৭ মণের ‘রাজাবাবু’ এবার কোরবানির তারকা, দাম হাঁকা ১০ লাখ টাকা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৭ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজবাড়ীর বিভিন্ন খামারে কোরবানির পশু প্রস্তুত করা হলেও সবার নজর কেড়েছে বিশাল আকৃতির ৩৭ মণ ওজনের ষাঁড় ‘রাজাবাবু’। অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটির দাম চাওয়া হচ্ছে ১০ লাখ টাকা।

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের খামারি মো. আলী শেখ প্রায় তিন বছর ধরে শখ করে গরুটিকে নিজের সন্তানের মতো লালন-পালন করছেন। ধবধবে সাদা-কালো রঙের ‘রাজাবাবু’কে সম্পূর্ণ দেশীয় ও প্রাকৃতিক খাদ্য দিয়ে বড় করা হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক।

খামারির ছেলে সাহেব আলী শেখ জানান, গরুটিকে কোনো ধরনের হরমোন, ওষুধ বা ক্ষতিকর ইনজেকশন ছাড়াই গম, ছোলা, চালের গুঁড়া, আলু ও ঘাস খাইয়ে বড় করা হয়েছে। প্রতিদিন এর খাবারের পেছনে প্রায় এক হাজার টাকা ব্যয় হচ্ছে। বিশাল আকৃতির কারণে প্রতিদিন দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা গরুটি দেখতে খামারে ভিড় করছেন।

খামারি আলী শেখ বলেন, দীর্ঘদিনের পরিশ্রম আর ভালোবাসায় রাজাবাবুকে বড় করেছেন তিনি। এবার ঈদে ভালো দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। একই সঙ্গে তিনি দেশীয় খামারিদের স্বার্থে বিদেশি গরু আমদানি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় কোরবানির জন্য ৭০ হাজারের বেশি গবাদিপশু প্রস্তুত করা হয়েছে, যার মধ্যে চাহিদার তুলনায় উদ্বৃত্ত পশুও রয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তারা জানিয়েছেন, খামারিদের নিয়মিত পরামর্শ ও তদারকির মাধ্যমে স্বাস্থ্যসম্মতভাবে পশু প্রস্তুত করা হয়েছে।