বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৩৬ কোটি টাকার বিদেশি ইনজেকশন বিনামূল্যে পাবেন রোগীরা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

৩৬ কোটি টাকার বিদেশি ইনজেকশন বিনামূল্যে পাবেন রোগীরা
যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৩৬ কোটি ১০ লাখ টাকার ইনজেকশন দিয়েছে। বাত-ব্যথার জন্য ব্যবহৃত প্রতিটি ইনজেকশনের দাম প্রায় চার লাখ টাকা হলেও রামেক হাসপাতালের রোগীরা এগুলো সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।

গত বুধবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে ইনজেকশনগুলো ঢাকায় পৌঁছে। কাস্টমস প্রক্রিয়া শেষ করে শুক্রবার (২৮ নভেম্বর) সকালে সেগুলো রামেক হাসপাতালে আনা হয়। ইনজেকশনগুলোর মেয়াদ আগামী বছরের ৩১ অক্টোবর পর্যন্ত।

এর আগে রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক আজিজুল হক ডিরেক্ট রিলিফের সঙ্গে যোগাযোগ করেন এবং ওষুধগুলো আনার ব্যবস্থা করেন। তাকে সার্বিকভাবে সহযোগিতা করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহমেদ।

চিকিৎসকেরা জানান, অ্যাডালিমুমাব মূলত রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস, অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিসসহ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে ব্যবহৃত হয়। সাধারণ ওষুধে যাদের সমস্যা নিয়ন্ত্রণে আসে না, তাদের জন্য এই ইনজেকশন কার্যকর হতে পারে। একজন রোগীর একাধিক ডোজ দরকার হতে পারে। তবে বায়োলজিক হওয়ায় ওষুধটির উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

বাত-ব্যথার এই ওষুধ আনতে উদ্যোগ নেন অধ্যাপক আজিজুল হক। দুই মাস আগে তিনি ডিরেক্ট রিলিফের কাছে আধুনিক বায়োলজিক ইনজেকশন সরবরাহের অনুরোধ করলে সংস্থাটি দ্রুত সাড়া দেয়। এরপর ওষুধগুলো আনতে প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে অনুমোদন মেলে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করে এই অনুমোদনের ব্যবস্থা করেন।

অধ্যাপক আজিজুল হক বলেন, বাংলাদেশে অ্যাডালিমুমাবের কপি সংস্করণ রয়েছে, তবে সেটিও খুব ব্যয়বহুল এবং গরিব মানুষের নাগালের বাইরে। রোগীরা যেহেতু বিনামূল্যে ইনজেকশন পাবেন, তাই অনেক রোগী দীর্ঘদিন ব্যথামুক্ত থাকতে পারবেন।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, বাতের ইনজেকশন অসচ্ছল রোগীদের জন্য আশীর্বাদ হবে। রোগীরা এগুলো বিনামূল্যে পাবেন। তবে কোন রোগী এই ইনজেকশন পাবেন, তা মেডিসিন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক অধ্যাপক আজিজুল হক নির্ধারণ করবেন। মোট ৯০০টি ইনজেকশন বিনামূল্যে প্রয়োগ করা সম্ভব হবে।

প্রসঙ্গত, গত ২৫ আগস্ট ডিরেক্ট রিলিফ থেকে রামেকে আড়াই হাজার ভায়াল অ্যাল্টেপ্লেস আসে। অ্যাল্টেপ্লেস হলো একটি থ্রোমবোলাইটিক ওষুধ, যা স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ফলে রক্তনালিতে জমাট বাঁধা রক্ত ভাঙতে ইনজেকশন হিসেবে ব্যবহার করা হয়। প্রায় ১৭ কোটি টাকা মূল্যের এই আড়াই হাজার ভায়ালও রামেক হাসপাতাল বিনামূল্যে পেয়েছিল। চিকিৎসকদের মতে, এসব ওষুধের ৬০ শতাংশ ইতিমধ্যে ব্যবহার করা হয়েছে।