বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৩৪ হাজার টন জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে চীনা জাহাজ, গভীর সমুদ্রে খালাস শুরু

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

প্রায় ৩৪ হাজার টন বিমানের জ্বালানি (জেট ফুয়েল) নিয়ে শিং তং ৭৯৯ নামের চীনা পতাকাবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দর-এ পৌঁছেছে। শনিবার (২৫ এপ্রিল) বিকেলে জাহাজটি বন্দরের বহির্নোঙরে নোঙর করে।

জানা গেছে, প্রায় ১৮২.৫ মিটার দীর্ঘ এই জাহাজটির ড্রাফট বা গভীরতা বেশি হওয়ায় এটি সরাসরি বন্দরের মূল জেটিতে ভিড়তে পারেনি। ফলে কুতুবদিয়া সংলগ্ন গভীর সমুদ্রে অবস্থান করেই লাইটার জাহাজের মাধ্যমে জ্বালানি খালাস কার্যক্রম শুরু করা হয়েছে।

স্থানীয় শিপিং এজেন্ট প্রাইড শিপিং লাইনস-এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম জানিয়েছেন, আংশিক জ্বালানি খালাসের পর জাহাজটির ওজন কমে এলে সেটিকে বন্দরের জেটিতে নিয়ে আসা হবে।

এর আগে, গত ১৪ এপ্রিল সিঙ্গাপুর থেকে ১১ হাজার টন জেট ফুয়েল নিয়ে এমটি গ্রেট প্রিন্সেস বন্দরে আসে। একইভাবে শনিবার ভোরে দুবাই থেকে ৩৫ হাজার ৫৫ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী ট্যাংকার প্রিভে অ্যাঞ্জেল বন্দরে ভিড়েছে।

এছাড়া আগের দিন শুক্রবার তাইওয়ান থেকে ৩৩ হাজার ৪০০ টন ডিজেল নিয়ে পাকিস্তানি পতাকাবাহী ট্যাংকার এমটি কোয়েটা বন্দরের বহির্নোঙরে পৌঁছায়।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের এই ধারাবাহিক আমদানি দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, বিশেষ করে বিমান ও পরিবহন খাতে সরবরাহ স্থিতিশীল রাখতে।