শুক্রবার , ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

৩১ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ মার্চ, ২০২৪

মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান এলাকা হতে ৩১ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

২৪ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ মাঝরাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান থানাধীন মালখানগর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে আনুমানিক ৯,৩০,০০০/- (নয় লক্ষ ত্রিশ হাজার) টাকা মূল্যমানের ৩১ (একত্রিশ) কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোছাঃ মাজেদা বেগম (৩৭), স্বামী-মোঃ জয়নাল আবেদীন, সাং-লালনগর, থানা-সদর দক্ষিণ, জেলা-কুমিল্লা বলে জানা যায়। এ সময় তার নিকট হতে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত মহিলা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত মহিলার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।