বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ জুন, ২০২৬

দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর বৃহৎ কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন সম্প্রসারণের লক্ষ্যে গ্রহণ করা এ কর্মসূচির উদ্বোধনকে সামনে রেখে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে রাজধানীর তেজগাঁও–এ অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়–এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ‘২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কর্মপর্যায়ভিত্তিক জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি’ বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বৃক্ষরোপণ কার্যক্রমের বাস্তবায়ন কৌশল, জনসম্পৃক্ততা বৃদ্ধি, পরিবেশ সচেতনতা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন উদ্যোগ নিয়ে মতবিনিময় হয় বলে জানা গেছে। পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রহণ করা বিভিন্ন কর্মসূচির অগ্রগতি ও বাস্তবায়ন পরিকল্পনাও পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠক অনুষ্ঠিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

সরকারের এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষা, বনাঞ্চল সম্প্রসারণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।