সোমবার , ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

২০ দিনের সফরে নিউইয়র্ক, ম্যানিলা ও মালে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

 

 

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে ২০ দিনের বিদেশ সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সফরে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ফিলিপাইনের ম্যানিলা এবং মালদ্বীপের মালে সফর করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার (১০ জুলাই) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী। আগামী ১০ থেকে ২৯ জুলাই পর্যন্ত চলবে তার এ বিদেশ সফর।

সফরের প্রথম ধাপে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করবেন তিনি। সেখানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নেবেন। এ সময় জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে অধিবেশন পরিচালনা এবং আগামী সেপ্টেম্বরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। অধিবেশনকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি, আন্তর্জাতিক এজেন্ডা এবং কার্যক্রম সমন্বয়ের বিষয়গুলোই নিউইয়র্ক সফরে গুরুত্ব পাবে।

নিউইয়র্ক সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় যাবেন। সেখানে তিনি আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ)-এর বৈঠকে অংশ নেবেন। আঞ্চলিক নিরাপত্তা, সহযোগিতা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এ ফোরামে আলোচনা হবে।

এরপর তিনি মালদ্বীপের রাজধানী মালে সফর করবেন। কূটনৈতিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পর আগামী ৩০ জুলাই দেশে ফেরার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরের মাধ্যমে জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করা এবং বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে।