বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে গড়ার ঘোষণা বিএনপির, ইশতেহারে জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে রূপান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই লক্ষ্য বাস্তবায়নে দেশব্যাপী ‘জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড’ গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছে দলটি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সঞ্চালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিন আগে ঘোষিত এই ইশতেহারে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এবং ‘করবো কাজ, গড়বো দেশ’ মূলনীতির ভিত্তিতে বিভিন্ন খাতে উন্নয়নের রূপরেখা তুলে ধরা হয়।

বিএনপি জানায়, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভিশন-২০৩০, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং জুলাই জাতীয় সনদ—এই চারটি নীতিগত কাঠামোর সমন্বয়ে এবারের নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হয়েছে।

বিমান পরিবহন ও এভিয়েশন পরিকল্পনা

ইশতেহারে বলা হয়, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে দেশের বিভাগীয় শহরগুলোকে প্রাথমিকভাবে এবং পর্যায়ক্রমে জেলা শহরগুলোকে সংযুক্ত করে ছোট বিমানবন্দর ও এয়ারস্ট্রিপ নির্মাণ করা হবে। এর মাধ্যমে একটি সমন্বিত জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

কার্গো ও লজিস্টিক সুবিধা সম্প্রসারণ

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ যাত্রী ও লজিস্টিক হাবে উন্নীত করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুরে আন্তর্জাতিক গেটওয়ে গড়ে তোলার পরিকল্পনার কথা জানানো হয়। কার্গো ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা বাড়াতে একীভূত কার্গো ট্র্যাকিং, বুকিং ও রুট পরিকল্পনার জন্য ‘জাতীয় লজিস্টিক ডিজিটাল প্ল্যাটফর্ম’ চালুর ঘোষণা দেওয়া হয়েছে। বিমানবন্দরগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর কথাও বলা হয়।

হয়রানিমুক্ত যাত্রীসেবা

দেশের সব বিমানবন্দরে নিরাপদ, সম্মানজনক ও হয়রানিমুক্ত যাত্রীসেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছে বিএনপি। একই সঙ্গে টিকিট কালোবাজারি, জালিয়াতি ও অবৈধ অর্থ আত্মসাৎ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সংস্কার

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি লাভজনক ও প্রতিযোগিতাসক্ষম প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে এর পরিচালন কাঠামো, রুট ব্যবস্থাপনা ও সেবার মানে কাঠামোগত সংস্কার আনার কথা বলা হয়েছে। আন্তর্জাতিক রুট সম্প্রসারণে দ্বিপাক্ষিক চুক্তি বাড়ানোর পরিকল্পনাও ইশতেহারে উল্লেখ করা হয়।

বেসরকারি এয়ারলাইন্স ও কর্মসংস্থান

বেসরকারি এয়ারলাইন্সগুলোকে নীতিগত সহায়তা দিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ ও প্রতিযোগিতায় উৎসাহিত করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। পাশাপাশি এভিয়েশন প্রযুক্তি ও কার্গো খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথাও বলা হয়। দুর্ঘটনা রোধে আধুনিক ও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের অঙ্গীকারও রয়েছে ইশতেহারে।

এভিয়েশন শিক্ষায় গুরুত্ব

দেশের এভিয়েশন বিশ্ববিদ্যালয় ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো আধুনিকায়ন ও সম্প্রসারণ করে দক্ষ জনবল তৈরির ওপর জোর দিয়েছে বিএনপি। এর মাধ্যমে দেশীয় এভিয়েশন খাতে দীর্ঘমেয়াদি কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের পরিকল্পনা নেওয়া হবে বলে জানানো হয়।