চলতি ২০২৬ সালে বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট-এ রেকর্ড সংখ্যক ১ হাজার ৮ জন পর্বতারোহী সফলভাবে আরোহন করেছেন। ইতিহাসে এর আগে কোনো এক বছরে এত সংখ্যক আরোহী এভারেস্ট জয় করতে পারেননি।
নেপালের জাতীয় দৈনিক কাঠমান্ডু পোস্ট দেশটির পর্যটন বিভাগের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৮ মে) এ তথ্য জানিয়েছে।
২৯ হাজার ৩২ ফুট উচ্চতার এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত হিসেবে স্বীকৃত। নেপাল এবং চীন-এর তিব্বত অঞ্চলে বিস্তৃত এই পর্বতে দুই দিক দিয়েই আরোহন করা গেলেও অধিকাংশ অভিযাত্রী নেপাল অংশ ব্যবহার করেন।
বিশ্ব ইতিহাসে প্রথমবার এভারেস্ট জয় করেন এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে। ১৯৫৩ সালের সেই অভিযানের পর থেকেই এভারেস্ট নিয়ে বিশ্বজুড়ে আগ্রহ বাড়তে থাকে।
নেপাল সরকার জানিয়েছে, প্রতি বছর এপ্রিল ও মে মাসে অনুকূল আবহাওয়ার কারণে এভারেস্টে আরোহনের সুযোগ থাকে। বছরের বাকি সময় আবহাওয়া প্রতিকূল হওয়ায় অভিযান পরিচালনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
এভারেস্টে আরোহনের জন্য প্রত্যেক বিদেশি পর্বতারোহীর সঙ্গে স্থানীয় গাইড রাখা বাধ্যতামূলক করেছে নেপাল সরকার। স্থানীয় গাইডদের মতে, আরোহনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আবহাওয়া হলেও বর্তমানে আধুনিক প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবস্থার কারণে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমেছে।
নেপালের পর্যটন বিভাগের মহাপরিচালক রামকৃষ্ণ লামিচানে জানান, এর আগে ২০১৯ সালে এক বছরে সর্বোচ্চ ৮৭২ জন সফলভাবে এভারেস্ট জয় করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়া হয়েছে।