অবশেষে ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়। প্রশাসনিক জটিলতার কারণে পূর্বনির্ধারিত কনসার্ট স্থগিত হলেও আগামী ১ আগস্ট অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই আয়োজন।
‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’ শীর্ষক কনসার্টে অনুপম রায়ের পাশাপাশি পারফর্ম করবে বাংলাদেশের কিংবদন্তি ব্যান্ড মাইলস। আগে এই কনসার্টে বেঙ্গল সিম্ফনির পারফর্ম করার কথা থাকলেও নতুন সময়সূচির সঙ্গে সমন্বয় না হওয়ায় তাদের পরিবর্তে যুক্ত হয়েছে মাইলস।
আয়োজক ইয়ামাহা মিউজিক বাংলাদেশ ও ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, কনসার্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের অনুমতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বর্তমানে চলছে টিকিট বিক্রি।
ভক্তদের উদ্দেশে একটি ভিডিও বার্তায় অনুপম রায় বলেন, “হ্যালো বাংলাদেশ, অনেক দিন অপেক্ষার পর অবশেষে আমাদের দেখা হচ্ছে। গতবারের পরিস্থিতি সত্যিই দুর্ভাগ্যজনক ছিল। তবে এবার আর দেরি নয়। ১ আগস্ট আমি আসছি, তোমাদের আর আমার প্রিয় সব গান গাইতে।”
ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই কনসার্ট। ‘টিকিট টুমরো’ প্ল্যাটফর্মে টিকিট পাওয়া যাচ্ছে এবং প্রতিটি টিকিটের মূল্য ২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।