রবিবার , ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১২ই সফর, ১৪৪৮ হিজরি

১৯ বছরের ইয়ান দিয়োমান্দের জন্য ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব, রিয়ালকে ফিরিয়ে দিল লাইপজিগ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৫ জুলাই, ২০২৬

ইউরোপের অন্যতম প্রতিভাবান তরুণ উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে দলে ভেড়াতে ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে জার্মান ক্লাব আরবি লাইপজিগ। ক্লাবটির দাবি, ১৯ বছর বয়সী আইভরি কোস্টের এই ফুটবলারের বর্তমান বাজারমূল্য প্রায় ১৩০ মিলিয়ন ইউরো

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, দিয়োমান্দের অসাধারণ গতি, ড্রিবলিং দক্ষতা এবং এক-এক পরিস্থিতিতে ডিফেন্ডারদের পরাস্ত করার ক্ষমতা রিয়ালকে মুগ্ধ করেছে। ডান ও বাঁ—উভয় উইংয়েই সমান দক্ষ এই তরুণ প্রয়োজন হলে ভেতরে কেটে এসে গোল করতে পারেন, আবার সতীর্থদের জন্য সুযোগও তৈরি করেন।

মাত্র ১৯ বছর বয়সেই বুন্দেসলিগায় নিজের প্রথম পূর্ণ মৌসুমে ৩৩ ম্যাচে ১২ গোল ও ৮ অ্যাসিস্ট করে নজর কেড়েছেন তিনি। গত গ্রীষ্মে লেগানেস থেকে ২ কোটি ইউরোতে লাইপজিগে যোগ দিয়ে অল্প সময়েই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন।

রিয়াল মাদ্রিদের পাশাপাশি পিএসজি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি ও আর্সেনালও দিয়োমান্দেকে দলে ভেড়ানোর দৌড়ে রয়েছে। ফলে আগামী ট্রান্সফার উইন্ডোতে তাকে ঘিরে বড় ধরনের প্রতিযোগিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।