বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১৭ মে বাংলাদেশে ঈদুল আজহার চাঁদ দেখার সম্ভাবনা কম, ঈদ হতে পারে ২৮ মে

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মে, ২০২৬

আসন্ন পবিত্র ঈদুল আজহা ঘিরে দেশে চলছে চাঁদ দেখার প্রস্তুতি ও হিসাব-নিকাশ। আগামী ১৭ মে সন্ধ্যায় বাংলাদেশে আরবি মাস জিলকদ শেষ হয়ে নতুন চাঁদ—জিলহজ মাসের চাঁদ দেখার জন্য আকাশ পর্যবেক্ষণ করা হবে।

চাঁদ বিষয়ক ওয়েবসাইট মুনসাইটিং এর তথ্য অনুযায়ী, ১৭ মে বাংলাদেশে খালি চোখে নতুন চাঁদ দেখার সম্ভাবনা কম। ওইদিন মধ্যপ্রাচ্যের অনেক দেশে চাঁদ দেখা গেলেও বাংলাদেশে তা দেখা না-ও যেতে পারে।

ফলে ধারণা করা হচ্ছে, বাংলাদেশে জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং পরের দিন থেকে জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে আগামী ২৮ মে (বৃহস্পতিবার)। ইসলামি নিয়ম অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়।

মুনসাইটিংয়ের চাঁদের মানচিত্র অনুযায়ী, ১৭ মে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশেই চাঁদ দেখা সহজ হবে। সে কারণে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে ১৮ মে থেকে জিলহজ মাস শুরু হয়ে সেখানে ঈদ হতে পারে ২৭ মে।

চাঁদ দেখা নিয়ে অঞ্চলভেদে পার্থক্যের কারণে বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের ঈদ উদযাপনের তারিখ একদিন ব্যবধানে হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটির ঘোষণাও এসেছে। সিদ্ধান্ত অনুযায়ী, টানা ৭ দিনের ছুটি থাকবে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত। তবে ঈদের আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে।

সাধারণত সরকারি ছুটি ও ঈদের তারিখ চূড়ান্তভাবে নির্ধারণ করে জাতীয় চাঁদ দেখা কমিটি, যারা চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরই ঈদের দিন নিশ্চিত করা হয়।