বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১২ ঘণ্টার দুর্ভোগ শেষে সচল কুড়িগ্রাম রেলপথ, সরানো হলো রেললাইনে উল্টে পড়া বালুভর্তি ট্রাক

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় রেললাইনের ওপর বালুভর্তি একটি ট্রাক উল্টে পড়ায় প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে রেললাইন থেকে ট্রাক ও বালু অপসারণের পর ট্রেন চলাচল শুরু হয়।

লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমেদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ১০ মিনিটে রাজারহাট উপজেলার পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি বালুভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ে। এতে কুড়িগ্রামের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের চলাচল ব্যাহত হয়।

রেলপথ বন্ধ থাকায় শত শত যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেকে বাস, সিএনজি ও অটোরিকশাযোগে তিস্তা স্টেশনে গিয়ে ট্রেনে ওঠেন। এতে অতিরিক্ত ভাড়া ও সময়ের অপচয় হয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

দীর্ঘ সময় ধরে উদ্ধার কার্যক্রম চালিয়ে ট্রাক ও বালু অপসারণের পর সন্ধ্যায় রেললাইন সম্পূর্ণ সচল করা হয়। এরপর রমনা লোকাল ট্রেন তিস্তার উদ্দেশে যাত্রা শুরু করে এবং কুড়িগ্রামের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।