বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ,কোন দেশের আকাশে দেখা যাবে মহাজাগতিক বিস্ময়?

প্রকাশিত হয়েছে- রবিবার, ৭ জুন, ২০২৬

চলতি বছরের অন্যতম আকর্ষণীয় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা হিসেবে আগামী ১২ আগস্ট বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে প্রস্তুতি নিচ্ছেন বিশ্বের লাখো আকাশপ্রেমী। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, এদিন চাঁদ পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে অবস্থান করবে, ফলে পৃথিবীর নির্দিষ্ট কিছু অঞ্চলে সূর্য সম্পূর্ণরূপে আড়াল হয়ে যাবে।

ইউরোপীয় মহাকাশ সংস্থার বিজ্ঞান পরিচালক ক্যারোল মুন্ডেল বলেছেন, পূর্ণ সূর্যগ্রহণ এমন একটি বিরল ঘটনা, যা একই সময়ে কোটি কোটি মানুষকে আকাশের দিকে তাকিয়ে বিস্ময় ও কৌতূহলে ভরিয়ে দেয়।

নাসার তথ্য অনুযায়ী, পূর্ণগ্রাস সূর্যগ্রহণের পথ উত্তর আটলান্টিক মহাসাগর অতিক্রম করবে। পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড, উত্তর স্পেন এবং উত্তর-পূর্ব পর্তুগালের কিছু এলাকা থেকে সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে যেতে দেখা যাবে। এসব অঞ্চলে কয়েক মিনিটের জন্য দিনের আকাশ রাতের মতো অন্ধকার হয়ে যেতে পারে।

অন্যদিকে ইউরোপের বেশিরভাগ অঞ্চল, উত্তর আমেরিকার উত্তরাংশ এবং আফ্রিকার উত্তর-পশ্চিমাঞ্চল থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। তবে বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে না বলে জানিয়েছে নাসা।

বিশেষজ্ঞদের মতে, পূর্ণগ্রহণের সময় সূর্যের উজ্জ্বল অংশ পুরোপুরি আড়াল হয়ে গেলে সূর্যের বাইরের স্তর বা করোনা দৃশ্যমান হবে। এটি চাঁদের কালো ছায়ার চারপাশে উজ্জ্বল আলোর বলয়ের মতো দেখা যায়। এ সময় তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং কিছু উজ্জ্বল গ্রহ ও নক্ষত্রও খালি চোখে দেখা সম্ভব হতে পারে।

বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন, আংশিক সূর্যগ্রহণ চলাকালে কখনোই খালি চোখে সূর্যের দিকে তাকানো উচিত নয়। এতে চোখের রেটিনার স্থায়ী ক্ষতি হতে পারে। নিরাপদ পর্যবেক্ষণের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ইক্লিপস গ্লাস, সৌর ভিউয়ার অথবা বিশেষ সৌর ফিল্টার ব্যবহার করতে হবে।

নাসা আরও জানিয়েছে, শুধুমাত্র পূর্ণগ্রহণের সেই স্বল্প সময়টুকুতে যখন সূর্য সম্পূর্ণভাবে চাঁদের আড়ালে থাকবে, তখন সাময়িকভাবে সুরক্ষা চশমা খুলে করোনা দেখা যেতে পারে। তবে গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আবার চোখের সুরক্ষা ব্যবহার করতে হবে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে এসে সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেয় এবং তার ছায়া পৃথিবীর একটি সরু অংশের ওপর পড়ে। এ কারণেই এটি বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ও বিরল মহাজাগতিক ঘটনাগুলোর একটি হিসেবে বিবেচিত হয়।