বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

১০ জুলাই মুক্তি পাচ্ছে ‘আজও অর্ধাঙ্গিনী’, জয়া আহসান–কৌশিক গাঙ্গুলীর সিক্যুয়েলে নতুন চমক

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ জুন, ২০২৬

কৌশিক গাঙ্গুলীর জনপ্রিয় চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’ আগামী ১০ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অর্ধাঙ্গিনী’ সম্পর্কের সূক্ষ্ম সমীকরণ ও অভিনয়ের কারণে দর্শকের ব্যাপক প্রশংসা অর্জন করেছিল। ছবিতে কৌশিক সেন, চূর্ণী গাঙ্গুলী ও জয়া আহসানের অভিনয় বিশেষভাবে আলোচিত হয়।

নতুন এই পর্বের শুটিং শেষ হয় ২০২৫ সালের জুনে। তবে দীর্ঘ সময় মুক্তির ঘোষণা না আসায় দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হলো।

পরিচালক কৌশিক গাঙ্গুলী জানিয়েছেন, প্রথম পর্বের গল্প যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই দুই বছর পরের ঘটনাপ্রবাহ নিয়ে এগিয়েছে ‘আজও অর্ধাঙ্গিনী’। একটি বিয়েকে কেন্দ্র করে আবারও মুখোমুখি হয় সুমন, শুভ্রা ও মেঘনা চরিত্রগুলো। এবার তাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়।

তিনি আরও বলেন, গল্পে তিন চরিত্রের অজানা দিকগুলো সামনে আসবে এবং একটি শিশুকে কেন্দ্র করে তৈরি হবে নতুন সংকট, যা গল্পকে আরও জটিল ও আবেগঘন করে তুলবে।

অভিনেত্রী জয়া আহসান বলেন, এটি একটি অত্যন্ত পরিণত গল্প এবং সিক্যুয়েলের অংশ হতে পারা তার জন্য আনন্দের। তিনি আশা প্রকাশ করেন, দর্শকদের প্রত্যাশার চেয়েও ভালো কিছু উপহার দিতে পারবেন তারা।

মুক্তি উপলক্ষে ছবিটির ফার্স্টলুক আজ প্রকাশ করা হবে বলেও জানা গেছে।