হ্যানয়–এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও গম্ভীর পরিবেশে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে।
বুধবার (২৫ মার্চ) আয়োজিত এ কর্মসূচির শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে শহীদ হওয়া সকলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর গণহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান। তিনি ২৫ মার্চের নৃশংস হত্যাযজ্ঞে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধা, সাধারণ মানুষ এবং মুক্তিযুদ্ধের সংগঠক-সমর্থকদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর পরিচালিত গণহত্যা বিশ্বের অন্যতম নৃশংস হত্যাযজ্ঞ। তিনি দেশ-বিদেশে এই ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সত্য ইতিহাস জানতে পারে এবং মানবাধিকার রক্ষায় সচেতন থাকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান নাসির উদ্দীন।