রবিবার , ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি

প্রকাশিত হয়েছে- শনিবার, ৪ জুলাই, ২০২৬

সৌদি আরবের ওপর হামলার চেষ্টা বা ইয়েমেনের অখণ্ডতা লঙ্ঘনের যে কোনো উদ্যোগের বিরুদ্ধে হুতি বিদ্রোহীদের ওপর নজিরবিহীন হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

শনিবার (৪ জুলাই) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বলেন, হুতি বিদ্রোহীরা ইয়েমেনের সাধারণ মানুষের ওপর চালানো নিপীড়ন থেকে আন্তর্জাতিক দৃষ্টি সরাতে সৌদি আরবকে হুমকি দিচ্ছে। তিনি জানান, সৌদি আরবের নিরাপত্তা বা আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে কোনো আগ্রাসন বরদাশত করা হবে না।

এর আগে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় ইরান থেকে আসা একটি বিমান অবতরণে বাধা দেয় সৌদি আরব। এ সময় সৌদি বিমানবাহিনী ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করে বলে অভিযোগ ওঠে। এর জেরে হুতি বিদ্রোহীরা হুমকি দেয়, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে সৌদি আরবের বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে।

হুতি মুখপাত্র ইয়াহিয়া সারে বলেন, “আমাদের আকাশসীমা লঙ্ঘন বা দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের পুনরাবৃত্তি না করতে আমরা সৌদি শত্রুদের সতর্ক করছি। এ ধরনের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে এবং তাদের বিমানবন্দরসহ স্থল, জল ও আকাশপথের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হবে।”

তিনি আরও জানান, সম্ভাব্য উত্তেজনা সত্ত্বেও তেহরান ও সানার মধ্যে বিমান চলাচল অব্যাহত থাকবে।

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হুমকির ফলে ইয়েমেন ও সৌদি আরবকে ঘিরে নতুন করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে।