ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় টানা দুই মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এই আন্দোলনের নেতৃত্ব দেয় ব্যঙ্গাত্মক প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
আন্দোলনের অন্যতম নেতা ও সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ভারতের তরুণদের ঐক্যবদ্ধ অবস্থানই এই আন্দোলনের সাফল্যের মূল কারণ। তিনি মন্তব্য করেন, দেশে যদি হিন্দু-মুসলিম বিভাজনের পরিবর্তে ইস্যুভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠিত হয়, তাহলে আরও বড় বড় ক্ষমতার কেন্দ্রও কেঁপে উঠবে।
অভিজিৎ বলেন, ‘যদি কোনো হিন্দু-মুসলিম রাজনীতি না থাকে এবং শুধুমাত্র ইস্যুভিত্তিক রাজনীতি হয়, তাহলে বড় বড় সিংহাসনও কেঁপে যাবে। আমরা যখন বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষের বাস্তব সমস্যা নিয়ে কথা বলব, তখন সেটিই দেশের জন্য সবচেয়ে মঙ্গলজনক হবে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘বলা হতো এ সরকারে পদত্যাগের কোনো নিয়ম নেই। দুনিয়া ঠিকই মাথা নত করে, শুধু মাথা নত করানোর জন্য লোক থাকা চাই।’ তার এই মন্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের ধৈর্য, ঐক্য এবং অনড় অবস্থানের কথাই তুলে ধরেছেন তিনি।
উল্লেখ্য, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষার্থীদের ক্ষোভ দেশজুড়ে ছড়িয়ে পড়ে। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল আন্দোলনের অন্যতম প্রধান দাবি, যা শেষ পর্যন্ত পূরণ হয়েছে।