লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে তীব্র সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর এক সেনা নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন। শনিবার (২০ জুন) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, নিহত সেনার নাম নির বেন আরি (২১)। তিনি কমান্ডো ব্রিগেডের ‘মাগলান’ ইউনিটের প্রথম শ্রেণির সার্জেন্ট ছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, রাত প্রায় দেড়টার দিকে দক্ষিণ লেবাননের নাবাতিন অঞ্চলের কেফার তেবনিত এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান লক্ষ্য করে একাধিক রকেট ও বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালানো হয়। এতে এক সেনা নিহত এবং ১৩ জন আহত হন।
আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর এবং আরও একজন সেনার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে সেনাবাহিনী। বাকি আহত সেনাদের অবস্থা স্থিতিশীল।
এদিকে চলমান উত্তেজনার মধ্যেই লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী। এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, নতুন রাজনৈতিক নির্দেশনার পর সেনাবাহিনী আর সক্রিয় আক্রমণ পরিচালনা করছে না। বর্তমানে তারা শুধুমাত্র নিরাপত্তা জোনে আত্মরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছে।
তবে হিজবুল্লাহ যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করলে আত্মরক্ষার স্বার্থে পাল্টা জবাব দেওয়ার অধিকার ইসরায়েলি বাহিনীর থাকবে বলেও জানানো হয়েছে।