বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হাসপাতাল নির্মাণে দীর্ঘসূত্রতা, জমি ফেরতের দাবি ইরাক-কুয়েত প্রত্যাগতদের

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মে, ২০২৬

কিডনি হাসপাতাল ও আইটি সেন্টার নির্মাণের জন্য বরাদ্দকৃত জমিতে দীর্ঘদিনেও প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় জমি ফেরত দেওয়ার দাবি জানিয়েছে ইরাক-কুয়েত প্রত্যাগত বাংলাদেশি কল্যাণ সমিতি

বুধবার (১৩ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই দাবি জানান। তাদের অভিযোগ, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী হাসপাতাল ও আইটি সেন্টার নির্মাণের কথা থাকলেও দীর্ঘ সময় পার হলেও কোনো বাস্তব অগ্রগতি হয়নি।

সমিতির নেতারা জানান, জাতিসংঘ ও ইউএনসিসি থেকে প্রত্যাগতদের ক্ষতিপূরণের অর্থ ব্যাংকে রাখা ছিল, যার মুনাফা দিয়ে গুলশান, বারিধারা, কালাচাঁদপুর ও ভাটারা এলাকায় মোট ১৫১.৫৪ কাঠা জমি কেনা হয়। পরে ওই জমিতে একটি কিডনি হাসপাতাল ও আইটি সেন্টার নির্মাণের প্রস্তাব গৃহীত হয় বলে তারা দাবি করেন।

তাদের ভাষ্য অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নের জন্য একটি আন্তঃমন্ত্রণালয় ভিজিলেন্স টিম গঠন করা হয়েছিল এবং সেখানে প্রত্যাগতদের প্রতিনিধি হিসেবে তিনজন সদস্য অন্তর্ভুক্ত ছিলেন। ২০০৭ সাল পর্যন্ত প্রায় ২০০টি সভা অনুষ্ঠিত হলেও পরবর্তীতে তাদের সম্পৃক্ততা কমে যায় বলে অভিযোগ করা হয়।

সংগঠনের নেতারা বলেন, ২০০৮ সালের পর থেকে প্রকল্প সংক্রান্ত সভা ও সিদ্ধান্তে তাদের আর অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে তারা ক্ষোভ প্রকাশ করে জমি ফেরত দেওয়ার পাশাপাশি কমিটিতে অন্তত ১০ জন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক এস এম ওয়ালিউল্লাহসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিশ্রুত প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় প্রত্যাগত সদস্যদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে। এখন দ্রুত সিদ্ধান্ত না নিলে আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন বলেও সতর্ক করেন তারা।