বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হালুয়াঘাটে জমি বিরোধে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের হালুয়াঘাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত এক হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক দণ্ডপ্রাপ্তকে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শুক্কুর আলী (৫৪), আমির আলী (৪৩), জমির আলী (৪১), হাতেম আলী (৩৯) ও হারেজ আলী (৩৩)। তারা সবাই হালুয়াঘাট উপজেলার মোকামিয়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৪ অক্টোবর হালুয়াঘাটের মোকামিয়া গ্রামে জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের জেরে হবিবুর রহমানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও মারধর করা হয়, এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় তার মা সুফিয়া খাতুনও আহত হন।

পরবর্তীতে আহত অবস্থায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হবিবুর রহমান মারা যান।

এ ঘটনায় নিহতের ভাগ্নি মোছা. নুরুন্নাহার ২০১২ সালের ১৬ অক্টোবর হালুয়াঘাট থানায় ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৩ সালের ৭ সেপ্টেম্বর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে ২০ জন আসামিকে খালাস দেওয়া হলেও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মো. আবু হানিফ খান এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. হারুনুর রশিদ।

ময়মনসিংহ আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমান জানান, রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।