মঙ্গলবার , ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

হালদা নদীতে অভিযান: ৬ হাজার ৩০০ মিটার অবৈধ জাল ও বরশি জব্দ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬


প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র ও সরকার ঘোষিত মৎস্য হেরিটেজ হালদা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল ও বরশি জব্দ করেছে হাটহাজারী উপজেলা মৎস্য অধিদপ্তর।

সোমবার (২৭ জুলাই) নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতটি অবৈধ চরগেরা জাল, দুটি ভাসা জাল ও তিনটি বরশি জব্দ করা হয়। জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য প্রায় ৬ হাজার ৩০০ মিটার এবং আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮০ হাজার টাকা।

হাটহাজারী উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শওকত আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের এসআই হাবিবুর রহমান, এএসআই রমজান আলীসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

রামদাস মুন্সীরহাট থেকে নাংলমোড়া পর্যন্ত হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে এসব অবৈধ জাল ও বরশি জব্দ করা হয়।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, হালদা নদীতে মা মাছের নিরাপদ প্রজনন পরিবেশ নিশ্চিত করা, নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং অবৈধভাবে মা মাছ শিকার ও ধ্বংসাত্মক জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।