বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হার্ট অ্যাটাক করে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না, অবস্থা স্থিতিশীল

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাকজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন। শুক্রবার দিবাগত রাতেই বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সেলিম তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১১টার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে খুদে বার্তার মাধ্যমে মান্নার অসুস্থতার খবর জানান। তিনি জানান, মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন এবং তাকে দ্রুত ‘পিজি’ বা বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হচ্ছে। একই সঙ্গে দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।

উল্লেখ্য, এর আগেও গত বছরের সেপ্টেম্বর (২০২৪) মাসে হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই প্রবীণ রাজনীতিবিদ। চিকিৎসকদের মতে, তার হৃদ্‌যন্ত্রজনিত সমস্যা আগে থেকেই থাকায় নিয়মিত চিকিৎসা ও বিশ্রাম অত্যন্ত জরুরি।

রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহল থেকে মাহমুদুর রহমান মান্নার দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।