ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) পরিচালিত হাম নির্মূল টিকাদান কর্মসূচিতে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।
হামের প্রাদুর্ভাব মোকাবিলায় গত ২০ এপ্রিল থেকে সারাদেশে ইপিআইয়ের (Expanded Programme on Immunization) তত্ত্বাবধানে গণটিকাদান কর্মসূচি চলছে। এর অংশ হিসেবে ডিএনসিসি এলাকায় মোট ৫৯৯টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
ডিএনসিসির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১২ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত প্রায় ৩ লাখ ৭৮ হাজার ৯৯০ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৭৮ শতাংশ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঝুঁকিপূর্ণ ৩০টি ওয়ার্ডে রেড ক্রিসেন্টের ১০৪ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক যুক্ত হবে। তারা বিশেষভাবে কাজ করবে বাদ পড়া শিশু, পথশিশু, ঝুঁকিপূর্ণ ও প্রত্যন্ত এলাকার শিশুদের টিকাদানের আওতায় আনতে।
ডিএনসিসির মুখপাত্র জোবায়ের হোসেন জানান, এ উদ্যোগটি একটি সমন্বয় সভার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে এবং আগামী ২৫ এপ্রিল থেকে ১১ দিনব্যাপী এই কার্যক্রম চলবে।
এছাড়া কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়াতে বিলবোর্ডে তথ্যচিত্র প্রচার এবং ৫৪টি ওয়ার্ডে মাইকিং কার্যক্রম চালানো হচ্ছে। কয়েকটি টিকাদান কেন্দ্রে শিশুদের জন্য বিশেষ ‘শিশু-বান্ধব কর্নার’ও স্থাপন করা হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এ ধরনের সমন্বিত উদ্যোগ শহরাঞ্চলে টিকাদানের ঘাটতি কমাতে এবং হামের মতো সংক্রামক রোগ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।