চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় মোহাম্মদ আইয়ুব (২৩) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি নোহা গাড়িও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ধোপপুল এলাকার এস আলম মার্কেটসংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে একটি চালান চট্টগ্রামের দিকে আসছে। পরে সন্দেহভাজন নোহা গাড়িটি থামিয়ে তল্লাশি চালানো হলে যাত্রী আসনের নিচে কালো স্কচটেপে মোড়ানো ৯টি বান্ডেল থেকে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক আইয়ুব কক্সবাজারের টেকনাফ উপজেলার বাসিন্দা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদক ও জব্দ করা আলামতসহ হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।