বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হাটহাজারীতে পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

প্রকাশিত হয়েছে- বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশার দুই যাত্রীও আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল চারটার দিকে ৩নং মির্জাপুর ইউনিয়নের মুহুরীহাট বটতল নামক স্থানে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশা চালকের নাম শাহাদাৎ হোসেন (৪২)। তিনি ধলই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের হারুন চেয়ারম্যান বাড়ির মৃত আজিজুল হক চৌধুরীর সন্তান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আবু কাওসার মাহমুদ হোসেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেলের দিকে নাজিরহাটমুখী একটি পিকআপের সঙ্গে নগরমুখী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে গুরুতর আহত হয় অটোরিকশা চালক শাহাদাৎ। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নাজিরহাট হাইওয়ে থানা পুলিশ গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সাহাব উদ্দিন জানান, আমরা ঘটনাস্থলে এসেছি মাত্র। বিস্তারিত সংগ্রহের পর জানানো সম্ভব হবে।