বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হাজারীবাগে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট টানা চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার ভোরের দিকে এ আগুনের সূত্রপাত হয়। পরে সকাল ৮টা ১৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স

সংস্থাটির মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, হাজারীবাগের কাঁচাবাজার এলাকায় একটি চারতলা ভবনের চার তলায় আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি এবং হাজারীবাগ ফায়ার স্টেশন থেকে দুটি—মোট চারটি ইউনিট রাত ৩টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চার ঘণ্টার চেষ্টায় সকাল সোয়া ৮টার দিকে আগুন নির্বাপণ সম্ভব হয়।

তবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটিতে একাধিক প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে কয়েকটি গার্মেন্টস কারখানা, একটি জুতার কারখানা এবং একটি লেদার কারখানাও রয়েছে। কর্মচারী ও স্থানীয়দের ধারণা, চারতলায় থাকা একটি কারখানা থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। সেহরির আগে ভবনটিতে আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।