বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হরিপুর সীমান্তে শিশুসহ ১১ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির তৎপরতায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ জুন, ২০২৬

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত দিয়ে গভীর রাতে শিশুসহ ১১ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সতর্ক অবস্থান ও জোরদার নজরদারির কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

শনিবার (৬ জুন) ভোররাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর আওতাধীন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মশালগাঁও বিওপি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় পুশইনের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় সম্প্রতি গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা সীমান্তের ওপারে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন।

একপর্যায়ে ভারতীয় ভূখণ্ড থেকে শিশুসহ মোট ১১ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। বিষয়টি বুঝতে পেরে বিজিবি সদস্যরা দ্রুত সতর্ক অবস্থান গ্রহণ করেন এবং সম্ভাব্য অনুপ্রবেশ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেন।

বিজিবির কঠোর অবস্থান ও তৎপরতার মুখে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে না পেরে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন। বর্তমানে তারা সীমান্তবর্তী শূন্যরেখা এলাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, মশালগাঁও সীমান্তে ১১ জনকে পুশইনের একটি চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে। সীমান্তে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা সফল হতে দেওয়া হবে না। দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবি সর্বদা দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করে যাচ্ছে।