বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হরমুজ প্রণালি বন্ধ করে ‘সব সীমা অতিক্রম করেছে’ ইরান: জিসিসি মহাসচিব

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)-এর মহাসচিব জসিম মোহাম্মদ আল-বুদাইউই বলেছেন, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে হামলা এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার মাধ্যমে ইরান ‘সব ধরনের সীমা অতিক্রম করেছে’।

বুধবার রিয়াদ-এ জিসিসির সদস্য রাষ্ট্রগুলোর এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

আল-বুদাইউই বলেন, হরমুজ প্রণালি বন্ধ করে সেখানে চলাচলের ওপর শুল্ক আরোপ করা আন্তর্জাতিক সমুদ্র আইন লঙ্ঘনের শামিল। তিনি অভিযোগ করেন, এ সময় কিছু জাহাজে হামলা ও অপহরণের ঘটনাও ঘটেছে, যা আন্তর্জাতিক নৌ-চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করেছে।

তিনি আরও বলেন, জিসিসিভুক্ত দেশগুলো বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব দেশ বিশ্বের প্রায় ২২ শতাংশ অপরিশোধিত তেল উৎপাদন করে এবং প্রায় ২৭ শতাংশ তেল রপ্তানি করে থাকে। ফলে এই অঞ্চলে অস্থিতিশীলতা বৈশ্বিক জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলছে।

জিসিসি মহাসচিবের মতে, ইরানের এসব হামলা শুধু আঞ্চলিক উত্তেজনা নয়, বরং জিসিসি দেশগুলোর সঙ্গে তেহরানের সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। তিনি দাবি করেন, ইরান সরাসরি জিসিসিভুক্ত দেশগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে, যার ফলে বেসামরিক হতাহতের ঘটনাও ঘটছে।

তবে তিনি স্পষ্ট করে জানান, জিসিসিভুক্ত দেশগুলো কোনো সামরিক অভিযানে অংশ নেবে না এবং ইরানের বিরুদ্ধে হামলার জন্য তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না।

আল-বুদাইউই বলেন, জিসিসি দেশগুলো এখন পর্যন্ত ইরানের হামলার পাল্টা জবাব দেয়নি, বরং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছে। অতীতেও তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক পথকে অগ্রাধিকার দিয়েছে।