বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হরমুজ পেরোতে টোল দিতে হবে, আইন করছে ইরান

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ইরানি পার্লামেন্ট একটি নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ব্যবহার করতে চাওয়া সব বিদেশি জাহাজকে বাধ্যতামূলকভাবে টোল দিতে হবে। ইতোমধ্যে আইনের খসড়া তৈরির কাজও শুরু হয়েছে।

একজন নাম প্রকাশে অনিচ্ছুক ইরানি আইনপ্রণেতা অননোন আইনের প্রণেতা ফার্স নিউজকে বলেছেন, “এই আইন হরমুজ প্রণালিতে ইরানের সার্বভৌম নিয়ন্ত্রণকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে এবং বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের সুযোগ তৈরি করবে।”

হরমুজ প্রণালি বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক জ্বালানির প্রায় ২০ শতাংশ এই প্রণালির মাধ্যমে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান এই প্রণালিতে অবরোধ জারি করেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের ওপর, যার ফলে আন্তর্জাতিক তেলের বাজারে সরবরাহ ব্যাহত হয়েছে এবং দাম বৃদ্ধি পেয়েছে।

ইরান জানিয়েছে, এই আইন মূলত ‘শত্রুভাবাপন্ন’ দেশগুলোর জাহাজের জন্য প্রযোজ্য হবে। ‘অশত্রু’ বা ‘মিত্রভাবাপন্ন’ দেশের জাহাজের চলাচলে কোনো বাধা থাকবে না।

এছাড়া, গত ২৪ মার্চ ইরান জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংক্রান্ত সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও)-কে জানিয়েছে যে, এই দেশগুলোর বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি ব্যবহার করতে চাইলে তাদের অবশ্যই ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।