বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হরমুজে ফের ইরানের মিসাইল হুমকি, ৩০ সাইট পুনরুদ্ধারের দাবি

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মে, ২০২৬

হরমুজ প্রণালির আশপাশে থাকা নিজেদের ৩৩টি মিসাইল সাইটের মধ্যে ৩০টি পুনরুদ্ধার করেছে ইরান। এতে করে ওই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলকারী জাহাজগুলো আবারও ইরানি ক্ষেপণাস্ত্রের ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

বুধবার (১৩ মে) প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হয়, ইরান মোবাইল লঞ্চার ব্যবহার করে দ্রুত বিভিন্ন স্থানে মিসাইল মোতায়েন করতে সক্ষম। এছাড়া কয়েকটি সাইটে স্থায়ী লঞ্চ প্যাডও রয়েছে, যেখান থেকে সরাসরি লক্ষ্যবস্তুতে হামলা চালানো সম্ভব।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় হরমুজ প্রণালির কাছাকাছি থাকা ৩৩টি মিসাইল সাইটের মধ্যে মাত্র তিনটি পুরোপুরি ধ্বংস হয়েছে। বাকি সাইটগুলোর বেশিরভাগই আবার সচল করেছে তেহরান।

এদিকে একই দিনে রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার সময় গোপনে ইরানে হামলা চালিয়েছিল সৌদি আরব। পশ্চিমা কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত মার্চে ইরানের হামলার জবাবে সৌদি পাল্টা গোপন অভিযান পরিচালনা করে।

তবে সৌদি আরব ঠিক কোন স্থাপনায় হামলা চালিয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। বিষয়টি নিয়ে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হলে বিশ্ব জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে।