বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘হতাশায় একটি দল ভোটার-এজেন্টদের বাধা দিচ্ছে’—জামায়াতের অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একটি দলের কর্মীরা ভোটার ও পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দিচ্ছে—এমন অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি দাবি করেছে, সম্ভাব্য ভরাডুবির আশঙ্কায় তারা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের ‘দেউলিয়াত্ব’ প্রকাশ করছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

তিনি বলেন, “আমরা রিপোর্ট পেয়েছি—কিছু জায়গায় দুঃখজনক ঘটনা ঘটেছে। কুমিল্লা-৮ আসনে একদল সন্ত্রাসী কেন্দ্রে এজেন্টদের ঢুকতে দিচ্ছে না, ভোটারদের বাধা দিচ্ছে। নোয়াখালীর হাতিয়ায় ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। বরিশালের ভোলায় গতকাল আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে, এজেন্টদের কাজ করতে দেওয়া হয়নি।”

প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার ওপর জোর দিয়ে তিনি বলেন, “আমরা প্রথম থেকেই বলে আসছি—প্রশাসন ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। জনগণ একটি সুষ্ঠু ও প্রত্যাশিত নির্বাচন দেখতে চায়। কোনো ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের জবাবদিহি করতে হবে।”

অ্যাডভোকেট জুবায়ের বলেন, এবারের নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে এবং একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন জানান এবং বলেন, “নতুন ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য ‘হ্যাঁ’ বিজয়ী হওয়া অপরিহার্য।”

তিনি দাবি করেন, দীর্ঘ দেড় যুগ পর উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে এবং নতুন প্রজন্ম প্রথমবারের মতো স্বতঃস্ফূর্ত ভোটের অভিজ্ঞতা অর্জন করছে। “জেন-জি ও মা-বোনেরা এবারই প্রথম এমন পরিবেশে ভোট দিচ্ছে,” বলেন তিনি।

জামায়াতের বিভিন্ন কেন্দ্রীয় নেতা নিজ নিজ আসনে ভোট দিয়েছেন বলেও জানান তিনি। এর মধ্যে রয়েছেন দলের আমির, নায়েবে আমিরগণ, সেক্রেটারি জেনারেলসহ শীর্ষ নেতারা।

মিডিয়ার ভূমিকাও তুলে ধরেন অ্যাডভোকেট জুবায়ের। তিনি অভিযোগ করেন, ভোটের আগের দিন কিছু গণমাধ্যমের প্রতিবেদন হতাশাব্যঞ্জক ছিল। “মিডিয়া যেন কোনো দলের মুখপাত্রে পরিণত না হয়। নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা ও জবাবদিহিতার জায়গায় থেকে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা,” বলেন তিনি।

ব্রিফিংয়ের শেষদিকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দলটি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং দিনের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী সময়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুততম সময়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করুন এবং আগামীর বাংলাদেশের জন্য সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করুন।