বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৫৭ হাজার হাজি, চলবে ফিরতি ফ্লাইট ১ জুলাই পর্যন্ত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ জুন, ২০২৬

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ জন বাংলাদেশি হাজি। ফিরতি হজযাত্রী পরিবহনে এখন পর্যন্ত ১৩৪টি ফ্লাইট পরিচালিত হয়েছে এবং আগামী ১ জুলাই পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সোমবার (১৫ জুন) প্রকাশিত হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত ১৩৪টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে এসব হাজি দেশে পৌঁছেছেন। ফিরতি ফ্লাইট পরিচালনায় অংশ নিয়েছে তিনটি বিমান সংস্থা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিসের তথ্য অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৫২ হাজার ৫৫৫ জন বাংলাদেশি হজযাত্রী রয়েছেন।

এদিকে চলতি বছরের হজ পালন করতে গিয়ে মোট ৫২ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৭ জন নারী। মৃতদের মধ্যে ৩৭ জনের মৃত্যু হয়েছে মক্কা, ১৪ জনের মদিনা এবং একজনের জেদ্দা শহরে।

হজ বুলেটিনে আরও জানানো হয়েছে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে ৪১৫ জন বাংলাদেশি হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। এছাড়া ১৬ জন হাজি হাসপাতালে ভর্তি ছিলেন। স্বাস্থ্যসেবার অংশ হিসেবে সৌদি আরবে বাংলাদেশি মেডিকেল টিম ও মেডিকেল সেন্টারগুলো ৬৪ হাজার ১৪৯ জন হাজিকে চিকিৎসা ও পরামর্শসেবা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্প ডেস্ক, মক্কা ও মদিনায় ২৭ হাজার ৮৯০ জন হাজিকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে।

উল্লেখ্য, চলতি বছরের হজযাত্রার প্রথম ফ্লাইট গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে। প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম শেষ হয় ২১ মে। এ বছর পবিত্র হজ অনুষ্ঠিত হয় ২৬ মে এবং হজ-পরবর্তী ফিরতি ফ্লাইট শুরু হয় ৩০ মে থেকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অবশিষ্ট হাজিদের ফিরিয়ে আনার কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।