বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

স্মৃতিসৌধে চিফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত হয়েছে- রবিবার, ৮ মার্চ, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ-এর নবনিযুক্ত চিফ হুইপ মো. নূরুল ইসলাম এবং অন্যান্য হুইপরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

রোববার (৮ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধ-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনকারী হুইপরা হলেন:

  • মো. জি কে গউছ
  • রকিবুল ইসলাম মিয়া
  • নুরুদ্দিন আহাম্মেদ অপু
  • এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু
  • মো. আখতারুজ্জামান মিয়া
  • এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)

পুষ্পস্তবক অর্পণের পরে তারা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং বীর শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর চিফ হুইপ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও সংগ্রামের পর বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারের আলোকে সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও জানান, আসন্ন সংসদ অধিবেশন আগামী ১২ মার্চ থেকে শুরু হবে এবং এটি প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক হবে। আশা করা যায়, বিরোধী দল সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে সহযোগিতা করবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশগুলো সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন ও পরবর্তী ৩০ দিনের মধ্যে পাস করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যে জাতীয় সংসদ সচিবালয় যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।