বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

স্বাধীনতার ৫৫ বছরে আবার মাথাচাড়া দিচ্ছে অপশক্তি: মির্জা ফখরুল

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৮ মার্চ, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “স্বাধীনতার ৫৫ বছর পর আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। যারা ১৯৭১ সালে মা-বোনদের সম্ভ্রমহানি ঘটিয়েছে, পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করেছে এবং হত্যাকাণ্ড চালিয়েছে, তাদেরকে পরাজিত করেই স্বাধীনতার শক্তিকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন-এ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত বিএনপির আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন আশা সৃষ্টি হয়েছে। তিনি মানুষের সামনে “আই হ্যাভ এ প্ল্যান” ঘোষণা করেছেন এবং প্রতিশোধ বা প্রতিহিংসার কথায় নয়, দেশের উন্নয়নের পরিকল্পনায় মনোনিবেশ করেছেন।

মির্জা ফখরুল উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম কর্মযজ্ঞ শুরু করেছিলেন, মাত্র সাড়ে তিন বছরে তিনি বাংলাদেশকে সম্ভাবনাময় দেশে পরিণত করেছিলেন। তারেক রহমানও সেই পথ দেখাচ্ছেন।

তিনি সকলকে আহ্বান জানান, অতীতের অপশক্তিকে পরাজিত করে নেতা তারেক রহমানের হাত শক্তিশালী করতে এবং দেশের সুন্দর ভবিষ্যতের জন্য একসাথে কাজ করতে।

বিএনপি মহাসচিব আরও বলেন, “আমরা দীর্ঘ ১৮ বছর বহু নির্যাতন সহ্য করেছি। আমাদের ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে, ২০ হাজার তরুণ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, এবং ১৭শ নেতাকর্মীকে গুম করা হয়েছে। তবুও আমাদের লড়াই থেমে যায়নি। আমাদের লক্ষ্য দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সমর্থন করে দেশের উন্নয়নে এগিয়ে যাওয়া।”

তিনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাধীন ও সম্মানজনক বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।