মহান স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষের বহু প্রত্যাশা এখনও পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা।
মঙ্গলবার (২৪ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন এবং যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ উদযাপনের আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের প্রত্যাশা নিয়েই লাখো মানুষ জীবন উৎসর্গ করে স্বাধীনতা অর্জন করে। তবে দীর্ঘ ৫৫ বছর পরও সেই প্রত্যাশার অনেকটাই অপূর্ণ রয়ে গেছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে দেশ দীর্ঘদিনের শাসনব্যবস্থা থেকে মুক্ত হয়েছে এবং পরবর্তীতে একটি নতুন সরকার গঠিত হয়েছে। এই প্রেক্ষাপটে জনগণের প্রত্যাশা—দেশে আর কোনো স্বৈরশাসন ফিরে আসবে না এবং নাগরিকরা ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা ও মতপ্রকাশ করতে পারবে।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে বৈষম্যহীন সমাজ, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত প্রশাসন এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা জরুরি। পাশাপাশি নাগরিকদের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নে সরকারের ধীরগতির সমালোচনা করে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর ও গণভোটে জনগণের সমর্থন থাকা সত্ত্বেও এ বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। দ্রুত এই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিবৃতিতে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।