বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

স্বরাষ্ট্র উপদেষ্টা সেজে ডিসির কাছে টাকা দাবি, সিআইডির অভিযানে প্রতারক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে স্বরাষ্ট্র উপদেষ্টার পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের (ডিসি) কাছে অর্থ দাবি করার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. শামিম ওসমান (২৯)। তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভ্রান্তিকর বার্তা পাঠিয়ে জেলা প্রশাসকের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (১৯ জানুয়ারি) সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) শামিম ওসমানকে গ্রেপ্তার করে।

সিআইডির প্রাথমিক তদন্তে জানা যায়, শামিম ওসমান নিজেকে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান। ওই বার্তায় তিনি রাজশাহীতে রাজনৈতিক গ্রেপ্তারসংক্রান্ত ভুয়া ও বিভ্রান্তিকর নির্দেশনা দেন। পাশাপাশি মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত কথা উল্লেখ করে নিজের ব্যক্তিগত বিকাশ নম্বরে এক লাখ টাকা পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় জেলা প্রশাসন দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে। এরপর সিপিসি ও সিআইডি তথ্যপ্রযুক্তির সহায়তায় হোয়াটসঅ্যাপ নম্বর ও লেনদেনের সূত্র ধরে প্রতারককে শনাক্ত করে এবং অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানায়, শামিম ওসমান একজন পেশাদার প্রতারক। এর আগেও তিনি সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও বিচারাধীন ছিল।

এ ঘটনায় প্রতারকের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। সিআইডি সতর্ক করে জানিয়েছে, সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে অর্থ দাবি বা নির্দেশনা দিলে তা যাচাই না করে কোনো লেনদেনে না জড়ানোর জন্য সবাইকে সচেতন থাকতে হবে।