বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা: চট্টগ্রামে গ্রেপ্তার রিয়াদ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে রিয়াদ বিন সেলিম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাতে পটিয়া পৌরসভার পাইকপাড়া এলাকায় নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ-এর সঙ্গে ঘনিষ্ঠতার ভুয়া ছবি দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।

পুলিশ জানায়, রিয়াদ এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি এবং ভুয়া পরিচয়পত্র দিয়ে নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিতেন। তার কাছ থেকে একাধিক ভুয়া আইডি কার্ড, হ্যান্ড মেটাল ডিটেক্টর, ওয়াকিটকি, সিগন্যাল লাইট, মনিটরিং সেল কার্ড এবং মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভুয়া ছবি পোস্ট করে মানুষকে বিভ্রান্ত করতেন। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার নামে জাল পরিচয়পত্র তৈরি করে তদবির বাণিজ্য চালাতেন।

এক ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, কুমিল্লার এক ব্যক্তির জামিন করিয়ে দেওয়ার কথা বলে প্রথমে বিকাশে ১৫ হাজার ৩০০ টাকা এবং পরে নগদ ২ লাখ টাকা হাতিয়ে নেন তিনি। এ ঘটনায় পটিয়া থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রিয়াদের বিরুদ্ধে আগে থেকেই নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ক্রাইম) নাজমুল হাসান জানান, ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে আরও তথ্য পাওয়া গেছে—চট্টগ্রাম সিটি কর্পোরেশনে চাকরি দেওয়ার নামেও তিনি অর্থ আত্মসাৎ করেছেন।

পুলিশ বলছে, প্রতারণাকে পেশা হিসেবে নিয়ে দীর্ঘদিন ধরে এই ধরনের অপরাধ চালিয়ে আসছিলেন রিয়াদ। তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।