মঙ্গলবার , ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

সৌদির তেল স্থাপনায় বড় হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সৌদি আরবের পূর্বাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী।

সোমবার (২৭ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবু বন্দরের সঙ্গে যুক্ত অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হুথিরা।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাবে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তবে হামলার বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এর আগে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়। সম্ভাব্য ঝুঁকি কমাতে সৌদি আরব পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল ইয়ানবু বন্দরের দিকে পরিবহনের উদ্যোগ নেয়।

গত সপ্তাহে হুথি গোষ্ঠী সৌদি আরবের তেল শিল্পের ওপর অবরোধ আরোপের ঘোষণা দেয়। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

সৌদি আরবও পাল্টা পদক্ষেপ হিসেবে ইয়েমেনের হুদাইদাহ বন্দরে হুথিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে এবং লোহিত সাগরে আন্তর্জাতিক নৌ-পরিবহন নিরাপদ রাখার প্রতিশ্রুতি দিয়েছে।