মেগাস্টার শাকিব খানকে নিয়ে বর্তমানে সরগরম চলচ্চিত্রপাড়া। একের পর এক নতুন লুক নিয়ে পর্দায় দেখা দিচ্ছেন নায়ক। সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘সোলজার’-এর লুক প্রকাশ্যে আসে; আর তা ঘিরে দর্শকদের আগ্রহ ওঠে তুঙ্গে। এমন সময়ে এই লুকেই জনসম্মুখে হাজির বাংলার কিং খান।
সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, শাকিব খান একটি সম্পূর্ণ কালো পোশাকে এবং কালো সানগ্লাসে রয়েছেন। কিন্তু সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গোঁফ, যা তার ‘সোলজার’ লুকের একটি মূল অংশ।
মূলত, গত শুক্রবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। কালো গ্লাসে ও কালো পোশাকে তার আগমনের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশপাশের পুরো এলাকায়।
এরপরই সৃষ্টি হয় হাজারও দর্শকের ভিড়। প্রিয় তারকাকে একনজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে উৎসুক ভক্তরা। ভিড় সামলাতে হিমশিম খেতে দেখা যায় উপস্থিত নিরাপত্তা কর্মীদের। ভিডিওতে দেখা যায়, শাকিব খান উচ্ছ্বসিত দর্শকদের দিকে হাত নেড়ে তাদের ভালোবাসার জবাব দেন।
সেখানে উপস্থিত ছিলেন কনটেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান। এই সময় শাকিব খানকে নতুন সিনেমার এই লুক নিয়ে প্রশ্ন করেন তিনি।
তাকে প্রশ্ন করা হয়, কেন তিনি মেকআপ তুলে ফেলার পর আবার গোঁফ রেখে দেন। জবাবে বলেন, ‘আমার কাছে সবসময়ই মনে হয়, যখন আমার মেকআপ আমাকে রিমুভ করে, শুটিং শেষ হয়, আমি মাঝে মাঝে বলি গোঁফটা রেখে দাও। আরে এটা তো রিয়েল!’- বলেই হেসে দেন শাকিব খান। যদিও পরে শাকিব জানান, এটা আসল গোঁফ নয়।
প্রযোজনা সংস্থা সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স-এর এই সিনেমায় শাকিব খানকে একজন দেশপ্রেমিক হিসেবে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে লড়তে দেখা যাবে। অ্যাকশন–ড্রামা ঘরানার এই সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।
বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
‘সোলজার’ লুকে প্রকাশ্যে শাকিব খান, তোলপাড় নেটমাধ্যম
প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ নভেম্বর, ২০২৫