বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সোনারগাঁয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ ২ জন গ্রেপ্তার; আতঙ্কে হাসপাতালে অবস্থান ভুক্তভোগী পরিবার

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার এক গৃহবধূ নিরাপত্তাহীনতায় নিজ বাড়িতে ফিরতে পারছেন না। স্বামী ও দুই সন্তানকে নিয়ে তিনি বর্তমানে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে অবস্থান করছেন। এ ঘটনায় স্থানীয় এক যুবদল নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং আরও একজন অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও পরিবারের সদস্যদের তথ্য অনুযায়ী, উপজেলার জামপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় দুই সন্তান নিয়ে বসবাস করতেন ওই দম্পতি। গত বুধবার বিকেলে ভুক্তভোগীর স্বামী কর্মস্থলে থাকাকালে অভিযুক্তরা ঘরে প্রবেশ করে। অভিযোগ অনুযায়ী, দুই শিশুসন্তানের সামনেই গৃহবধূকে জোরপূর্বক রান্নাঘরে নিয়ে গিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও ভুক্তভোগী নারী শুক্রবার সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে জামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ (৪০) এবং তার সহযোগী শাহিন মিয়াকে (৩৮) গ্রেপ্তার করে। অপর অভিযুক্ত এখনও পলাতক রয়েছেন।

শনিবার ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হলেও নিরাপত্তার আশঙ্কায় তিনি পরিবারসহ হাসপাতালে অবস্থান করছেন। ভুক্তভোগীর স্বামী জানান, মামলা করার পর এলাকায় ফিরে গেলে কোনো ধরনের প্রতিশোধমূলক ঘটনার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।