বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

‘সেবার সমন্বয়হীনতা দূর করতে ঢাকায় দরকার কার্যকর সিটি গভর্নমেন্ট’

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম বলেছেন, ঢাকার সেবার সমন্বয়হীনতা দূর করতে এবং মহানগরকে বাসযোগ্য করার জন্য প্রয়োজন সম্পূর্ণ ক্ষমতাসম্পন্ন সিটি গভর্নমেন্ট। তিনি বলেন, সিটি গভর্নমেন্ট ছাড়া কোনো বিকল্প নেই।

সোমবার (১৯ জানুয়ারি) গুলশান হোটেল লেকশোরে ‘ঢাকা বাঁচানোর ইশতেহার’ শীর্ষক আলোচনা সভায় আবদুস সালাম এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ এবং গুলশান সোসাইটি

আবদুস সালাম বলেন, কেন্দ্রীয় সরকার স্থানীয় সরকারকে শক্তিশালী হতে দেয় না। ফলে সিটি কর্পোরেশন, রাজউক, ওয়াসা, ডেসকোসহ বিভিন্ন সংস্থার মধ্যে চরম সমন্বয়হীনতা তৈরি হয়েছে। এক সংস্থা রাস্তা কাটছে, আরেক সংস্থা সেটি আবার ভরাট করছে। এই বিশৃঙ্খলায় ঢাকা মহানগর বসবাসের জন্য অযোগ্য হয়ে উঠেছে।

তিনি আরও বলেন, রাজধানীতে যেসব বাড়ি বা দোকান ফুটপাথে অবস্থিত, সেগুলো দখল করে স্থাপনা তৈরি করা হয়। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় কার্যকর নজরদারি না থাকার কারণে সমস্যা আরও বাড়ছে। ঢাকার মেয়র থাকলেও বাস্তবে তার ক্ষমতা প্রায় শূন্য। আইনশৃঙ্খলার জন্য মেয়রকে দায়ী করা হলেও পুলিশের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। এই দ্বৈততা নিয়েই মহানগর পরিচালনা করা হচ্ছে।

নদী ও পরিবেশ সংরক্ষণকেও ঢাকার ভবিষ্যতের সঙ্গে যুক্ত করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী বাঁচাতে না পারলে ঢাকা বাঁচবে না। পাশাপাশি, গ্রামীণ দারিদ্র্য ও কর্মসংস্থানের অভাব ঢাকামুখী জনস্রোত বাড়াচ্ছে। ঢাকাকে বাঁচাতে হলে মেয়রের হাতে পূর্ণ ক্ষমতা দিতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের সভাপতি মতিন আব্দুল্লাহ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক মোহাম্মদ এজাজ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সংসদ সদস্য প্রার্থী এবং নগর পরিকল্পনাবিদরা।