বৃহস্পতিবার , ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সেই ‘রাজাকে’ বাঁচাতে পারলেন না মামুন বিশ্বাস

প্রকাশিত হয়েছে- সোমবার, ২ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফসলের মাঠ থেকে উদ্ধার হওয়া গুরুতর আহত ঘোড়া ‘রাজাকে’ ১৩ দিন ধরে চিকিৎসা দিয়েও শেষ পর্যন্ত বাঁচাতে পারলেন না সমাজকর্মী মামুন বিশ্বাস। সোমবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঘোড়াটি মারা যায়।

গত ১৮ ফেব্রুয়ারি কণ্ঠশিল্পী ইমন খানের দেওয়া তথ্য অনুযায়ী উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের মাঝিপাড়া এলাকার একটি ফাঁকা ফসলের মাঠ থেকে ঘোড়াটিকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে ধারণা করা হয়েছিল, প্রায় সাত দিন ধরে প্রাণীটি কোনো খাবার পায়নি। শুধু একটি পা ভাঙাই নয়, কোমরেও গুরুতর আঘাতের চিহ্ন ছিল। বুকের দুই স্থানে গভীর ক্ষত পাওয়া যায়।

উদ্ধারের পর ঘোড়াটিকে ‘রাজা’ নাম দেওয়া হয়। পরে তাকে শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের আগনুকালী গ্রামে নিজ বাড়িতে নিয়ে যান সমাজকর্মী মামুন বিশ্বাস। নিজের অর্থায়নে চিকিৎসার ব্যবস্থা করেন তিনি। দুইজন চিকিৎসক নিয়মিত পর্যবেক্ষণ করতেন এবং একজন কনসালটেন্ট সার্জন ঢাকায় উন্নত চিকিৎসার পরামর্শ দেন। তবে অপারেশনের সুযোগ না পাওয়ায় স্থানীয়ভাবেই চিকিৎসা চালানো হয়।সমাজকর্মী মামুন বিশ্বাস ঢাকা পোস্টকে বলেন, গতকাল রাতেও ঘোড়াটির শারীরিক অবস্থা তুলনামূলক স্থিতিশীল ছিল। কিন্তু আজ বেলা সাড়ে ১১টার দিকে মারা গেছে। প্রাণীটিকে সুস্থ করে তোলার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল।