বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক মিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে কানাডা।
সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকার কানাডা হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় বলা হয়, একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের জনগণ যেন তাদের গণতান্ত্রিক অধিকার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারে—সে লক্ষ্যেই আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে একযোগে কাজ করছে কানাডা। এ ক্ষেত্রে ইইউ ও কমনওয়েলথের পর্যবেক্ষক মিশনের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়।
কানাডা হাইকমিশন আরও জানায়, গণতন্ত্র একটি বিশ্বব্যাপী কল্যাণমূলক ব্যবস্থা, যা শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মতামত ও রায় প্রকাশের অধিকারকে সমর্থন করাই কানাডার মূল উদ্দেশ্য।
বার্তায় বলা হয়, নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রমের মাধ্যমে ভোটগ্রহণের পরিবেশ, নির্বাচনী আচরণবিধি, প্রশাসনিক নিরপেক্ষতা এবং সার্বিক প্রক্রিয়ার স্বচ্ছতা মূল্যায়নে আন্তর্জাতিক মিশনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কানাডা এসব উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে সমর্থন অব্যাহত রাখবে বলেও উল্লেখ করা হয়।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথের নির্বাচন পর্যবেক্ষক মিশন ইতোমধ্যে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে তাদের ধারাবাহিক বৈঠক ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।