বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুবর্ণচরে মাদ্রাসাছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নোয়াখালীর সুবর্ণচরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত মুফতি আবুল খায়েরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে জেলা শহর মাইজদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল খায়ের (৩৫) সুবর্ণচর উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মধ্যবাগ্যা গ্রামের আবুল বারেকের ছেলে। তিনি স্থানীয় দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর বাবা চরজব্বার থানায় আবুল খায়েরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেন। পরে ভুক্তভোগী শিক্ষার্থী নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দির ভিত্তিতে আদালত অভিযুক্তকে হাজির করার নির্দেশ দেন।

এ ঘটনায় আরও জানা যায়, মামলার পরবর্তী সময়ে গত ১৮ এপ্রিল ভুক্তভোগী ছাত্রীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগীর মা আলাদা একটি মামলা দায়ের করেন।

ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে ওই হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই দিন রাতে নিজাম উদ্দিন জাহাঙ্গীর (৫২) নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা শহর মাইজদী থেকে আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়। তিনি ধর্ষণচেষ্টা মামলার একমাত্র প্রধান আসামি এবং হামলার ঘটনায়ও এজাহারভুক্ত আসামি। তাকে শুক্রবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ বিচার দাবি করেছেন।