বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুপার স্পেশালাইজড হাসপাতালের নির্মাণসামগ্রী চুরি: সংঘবদ্ধ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ১০ লাখ টাকার মাল উদ্ধার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

রাজধানীর শাহবাগে নির্মাণাধীন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়–এর সুপার স্পেশালাইজড হাসপাতাল প্রকল্প থেকে মূল্যবান নির্মাণসামগ্রী চুরির ঘটনায় সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ১০ লাখ টাকা মূল্যের চোরাই স্ক্র্যাপ মালামাল।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল ভোরে হাসপাতালটির বেজমেন্ট-২ অংশ থেকে কিছু ব্যক্তি মিনি ট্রাক ব্যবহার করে নির্মাণাধীন প্রকৌশল শাখার স্ক্র্যাপ ও মূল্যবান ধাতব সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনার পরপরই শাহবাগ থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়।

মামলার ভিত্তিতে তদন্ত শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ২২ এপ্রিল সন্ধ্যায় হাসপাতাল এলাকা থেকেই প্রথম দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন রাত সাড়ে ১১টার দিকে বাড্ডা এলাকা থেকে আরও একজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আল মামুন সরকার (৩৩), মো. মামুনুর রশীদ (৪০) এবং মো. মাসুম বিল্লাহ (৩৫)। তাদের কাছ থেকে চারটি মিনি ট্রাক ভর্তি চোরাই নির্মাণসামগ্রী উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা একটি সংঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। হাসপাতালের অব্যবহৃত নির্মাণসামগ্রী চিহ্নিত করে তারা পরিকল্পিতভাবে তা চুরি করে বিক্রির উদ্দেশ্যে সরিয়ে নেয়।

পুলিশ বলছে, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ধরনের সরকারি প্রকল্প এলাকায় নিরাপত্তা জোরদারের বিষয়েও পদক্ষেপ নেওয়া হচ্ছে।