সুন্দরবনের বনদস্যু দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে বনবিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এ ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ গোলাগুলির পর বাহিনীর প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে কোস্ট গার্ড।
শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে আবারও কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়। হাসপাতালের নথি অনুযায়ী, তার হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাত রয়েছে।
স্থানীয়দের দাবি, মহেশ্বরীপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামই কুখ্যাত দুলাভাই বাহিনীর প্রধান। একসময় সুন্দরবনে ত্রাস সৃষ্টি করা ইলিয়াস বাহিনীর প্রধান নিহত হওয়ার পর ২০২৪ সালে ইলিয়াসের বোনের স্বামী রবিউল নতুন সশস্ত্র দল গঠন করেন। এরপর থেকেই স্থানীয়দের কাছে দলটি দুলাভাই বাহিনী নামে পরিচিতি পায়।
কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, বনাঞ্চলে গোলাগুলির খবর পাওয়া গেলেও পুরো অভিযান কোস্ট গার্ড পরিচালনা করছে। সুন্দরবনের খুলনা রেঞ্জের বন কর্মকর্তারাও বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্ট গার্ড জানিয়েছে, সুন্দরবনের কুখ্যাত বনদস্যুদের বিরুদ্ধে অভিযান এখনও চলমান রয়েছে। অভিযানের বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।