বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সুইস প্রেসিডেন্টের কাছে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের রাজধানী বার্নে ফেডারেল প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন।

পরিচয়পত্র পেশের পর সুইস প্রেসিডেন্ট ও রাষ্ট্রদূতের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট পারমেলিন জানান, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছরের বেশি সময় অতিক্রান্ত হয়েছে এবং ভবিষ্যতে এই সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রদূত নাহিদা সোবহান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ লক্ষ্যে সারাদেশে প্রস্তুতি চলছে। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়েও বাংলাদেশ-সুইজারল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিকতা বজায় থাকবে।

এ সময় রাষ্ট্রদূত বার্নে বাংলাদেশের একটি আবাসিক কূটনৈতিক মিশন স্থাপনের সিদ্ধান্তের কথা জানালে সুইস প্রেসিডেন্ট তা আন্তরিকভাবে স্বাগত জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সহযোগিতার আশ্বাস দেন।