সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলির জবাবে পাল্টা ফায়ার করেছে Border Guard Bangladesh।
মঙ্গলবার (১৯ মে) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৮ মে) বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ সোনারহাট সীমান্ত এলাকায় Border Security Force গুলি ছোড়ে। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করে।
বিজিবির দাবি, তাদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, টহল ও নজরদারি বাড়ানোর পাশাপাশি যেকোনো ধরনের উসকানিমূলক বা অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তারা।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনগণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বানও জানানো হয়েছে।