বুধবার , ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ১৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সিরাজগঞ্জে শোকজের পর বিএনপির তিন নেতার সব পদ স্থগিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর সিরাজগঞ্জে বিএনপির তিন নেতার দলীয় সব পদ স্থগিত করেছে জেলা বিএনপি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের স্বাক্ষরিত তিনটি পৃথক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

পদ স্থগিত হওয়া নেতারা হলেন- জেলা শহরের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ফিরোজ আহমেদ, জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনা পাল এবং সদর থানা রোডের বিএনপি নেতা আরজু আহমেদ।

চিঠিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও হিন্দু সম্প্রদায়ের দোকানে হুমকি, চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে তাদের পূর্বে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল এবং তাদের লিখিত জবাব জেলা বিএনপির কাছে পৌঁছেছে। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের দলীয় সকল পদে স্থগিতাদেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা কোনো দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

এর আগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) সংসদীয় আসনে ভোটারদের হুমকি, ধামকি ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারধরের অভিযোগে দুই নেতার সব দলীয় পদ স্থগিত ও হিন্দু সম্প্রদায়ের দোকানে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতাকে শোকজ করেছিল সিরাজগঞ্জ জেলা বিএনপি।